প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
উত্তেজনা ছাপিয়ে বগুড়ায় ভোট ৬৫% পার
বিচ্ছিন্ন সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ধরপাকড়ের মধ্য দিয়ে বগুড়ার সাতটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনভর উত্তাপ থাকলেও ভোটারদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো; বিকেল পর্যন্ত ভোট কাস্ট হয়েছে প্রায় ৬৯.১০ শতাংশ। এর মধ্যে নতুন ভোটার ও নারীদের অংশগ্রহণ ছিল সবচেয়ে উল্লেখযোগ্য।
বগুড়ার নির্বাচনী চিত্র ছিল টানটান উত্তেজনায় ঠাসা। সদর-৬ ও শিবগঞ্জ-২ আসনসহ জেলার বিভিন্ন স্থানে কেন্দ্র দখলের চেষ্টা ও জাল ভোটের অভিযোগে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিশৃঙ্খলার অভিযোগে সারিয়াকান্দি ও শিবগঞ্জে বিএনপি ও জামায়াতের দুই নেতাকে আটক করেছে সেনাবাহিনী। এছাড়া কাহালু উপজেলায় ভোট দিয়ে বাড়ি ফেরার পথে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তবে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও ভোটারদের ঢল থামেনি। অনেক প্রবীণ ও নতুন ভোটার জানিয়েছেন, দীর্ঘ প্রায় দুই দশক পর তারা এমন উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, বড় কোনো বিপর্যয় ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে এবং বর্তমানে গণনা চলছে। ৯৮৩টি কেন্দ্রের ফলাফল সমন্বিত করার পর চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে।
জাহিদ/রাজধানী
Copyright © 2026 All rights reserved.